যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল এবং একটি নছিমন গাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মোঃ মিলন হোসেন যশোর শার্শা উপজেলা প্রতিনিধি

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অন্তর্গত কায়বা বিওপির একটি আভিযানিক দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৩১০ কেজি কারেন্ট জাল এবং পরিবহন কাজে ব্যবহৃত ১টি নছিমন জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও গাড়িটির আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বিষযটি নিশ্চিত করে জানান, বিজিবির নিয়মিত আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এবং সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার রোধে দীর্ঘদিন ধরে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের সীমান্তে অবৈধ কারেন্ট জাল, মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।