আগামীকাল শনিবার (১৫ আগস্ট) যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৯ ধরনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৫ আগস্টকে কেন্দ্র করে পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা প্রতিরোধে ডিএমপি বহুমাত্রিক এই পরিকল্পনা বাস্তবায়ন করছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পিকেট ডিউটি ও চেকপোস্ট বসানো হয়েছে। মহানগরের সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া ডিবি ও সিটিটিসির সদস্যদের অপারেশনাল কার্যক্রমে মোতায়েন রাখা হয়েছে।

জনসমাগমস্থল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন ইউনিট দিয়ে নিয়মিত সুইপিং কার্যক্রম পরিচালনা করা হবে। সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। পাশাপাশি সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারে র‌্যাব ও সিআইডি টিমও মোতায়েন থাকবে।

জরুরি পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্য কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। নিয়মিত পুলিশ সদস্যদের বাইরেও মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিংমলের মতো সংবেদনশীল এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে থেকে এসব নিরাপত্তা ব্যবস্থা সরাসরি তদারকি করবেন।