মুম্বাইয়ের ব্যস্ত রেলওয়ে স্টেশনের প্রতিদিনের স্বাভাবিক চিত্র হঠাৎই বদলে গেল এক অভূতপূর্ব চমকে। জনপ্রিয় বলিউড অভিনেত্রী রানী মুখার্জি স্টেশনের পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম ব্যবহার করে উপস্থিত ভক্ত ও যাত্রীদের চমকে দেন। মহাব্যস্ত সেই স্টেশনের লাউডস্পিকারে হঠাৎ ভেসে আসে রানীর গম্ভীর ও পরিচিত কণ্ঠস্বর।

যাত্রীরা থমকে দাঁড়িয়ে শোনেন, মাইক থেকে ভেসে আসছে 'মারদানি' ফ্র্যাঞ্চাইজির দুর্ধর্ষ পুলিশ অফিসার শিবানি শিবাজি রায়ের সেই বিখ্যাত কণ্ঠ। সিনেমার চরিত্রের আদলে রানী মুখার্জি শিশুদের সুরক্ষার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন। একইসঙ্গে তিনি সোনি ম্যাক্স চ্যানেলে 'মারদানি ৩'-এর টেলিভিশন প্রিমিয়ারের প্রচারও করেন।

এই বিশেষ বার্তায় বলিউড সুন্দরী সমাজে নিরাপত্তা সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। স্টেশনের মাইক থেকে রানীর এই আচমকা বার্তা দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়। প্রিয় তারকাকে এমন ব্যতিক্রমী ভঙ্গিতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা ছড়াতে দেখে অনুগামীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সাধারণ যাতায়াতের মাঝে রানীর এই বার্তা উপস্থিত যাত্রী ও ভক্তদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত হয়ে রইল।