১৫ আগস্ট ঘিরে বেনাপোলে কঠোর অবস্থানে পুলিশ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মোঃ মিলন হোসেন যশোর শার্শা উপজেলা প্রতিনিধি

যশোরের বেনাপোলে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে আসন্ন ১৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় কোনো ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন বেনাপোল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গয়ড়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হাবিব (৩৫)। তিনি ওই ওয়ার্ডের ছাত্রলীগের সেক্রেটারি বলে জানিয়েছে পুলিশ। তাঁর বাবার নাম শওকত আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, বেনাপোল পোর্ট থানায় দায়ের করা মামলা নম্বর-৩, তারিখ ৫ জুন ২০২৬–এ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৬, ১০, ১১ ও ১২ ধারায় তাঁকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ আলী বলেন, “১৫ আগস্টকে ঘিরে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো প্রভাব এখানে বিবেচনায় আসবে না।”

তিনি আরও বলেন, “আমরা চাই বেনাপোলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, ১৫ আগস্ট সামনে রেখে বেনাপোল এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সীমান্তঘেঁষা এই এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান।