রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় গত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মোট ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন অপরাধমূলক আলামত, অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে ৩টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, ১টি খেলনা পিস্তল, ২টি সুইচ গিয়ার, ১টি চাকু, ১টি ব্লেড, ১৭টি মোবাইল ফোন, ৫১০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭১০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, ১৫ বোতল দেশি মদ, ১ লিটার বিদেশি মদ এবং নগদ ২ হাজার ৭০০ টাকা।

ডিএমপির বিভিন্ন বিভাগের অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগে ৩৩ জন, ওয়ারীতে ৮৭ জন, মতিঝিলে ৬৫ জন, তেজগাঁওয়ে ৭৯ জন, মিরপুরে ১১৮ জন, গুলশানে ১০৫ জন, উত্তরায় ৩৭ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জন রয়েছেন। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।