ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ঝিনাইদহের নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে শৈলকুপা থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা মডেল মসজিদের সামনে অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নায়েব আলীর পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে একদল পুলিশ সদস্য তার বাড়িতে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, শৈলকুপায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিলকে কেন্দ্র করে দায়ের করা নাশকতার মামলায় তার নাম থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নাশকতার ওই মামলায় গ্রেপ্তার করার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।