আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের অপচয় কমাতে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে এবং নির্ধারিত সময়েই তা অনুষ্ঠিত হবে। সময়সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই বলেও স্পষ্ট করেছে কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে প্রতিবছর যে সময় হারিয়ে যায়, তার ফলে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা সেশনজটের কবলে পড়েন। শিক্ষা কার্যক্রম ও শিক্ষাবর্ষ স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতেই ২০২৭ সালের পরীক্ষা জানুয়ারির শুরুতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরীক্ষার প্রস্তুতির বিষয়ে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, নির্ধারিত সিলেবাস শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই টেস্ট বা নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষা আগামী ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং ফলাফল ১৮ নভেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই পাঠ্যসূচি শেষ করে অক্টোবরের মাঝামাঝি টেস্ট পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে।

এদিকে, সরকারি রুটিন অনুসরণকারী অধিকাংশ প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষার পর মূল পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের হাতে দুই মাসেরও কম সময় থাকতে পারে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বাড়তি চাপ ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে মফস্বল বা শহরের বাইরের প্রতিষ্ঠানগুলোর পক্ষে নির্ধারিত সময়ে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষ করা কঠিন হতে পারে বলে শিক্ষকদের আশঙ্কা রয়েছে, যার প্রভাব পরীক্ষার ফলাফলের ওপর পড়তে পারে। তবে আন্তঃশিক্ষা বোর্ডের মতে, সঠিক পরিকল্পনা অনুযায়ী সিলেবাস শেষ করা গেলে প্রস্তুতির ক্ষেত্রে বড় কোনো সমস্যা হবে না।

উল্লেখ্য, করোনা মহামারির পর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘদিনের ঐতিহ্যগত সূচি ব্যাহত হচ্ছিল। এর আগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষা ২ জুলাই শুরু হয়েছিল।