মাদারীপুরের কালকিনি পৌরসভার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) রয়েছেন। এছাড়া আহত অপর এক শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিক্ষার্থীরা যথারীতি মাদ্রাসায় আসার পর হঠাৎ করেই মাদ্রাসার ভেতরে থাকা ইমন সরদারের বসতঘরের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে আবিদা আক্তার নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

ঘটনার বিষয়ে ইমন সরদার বলেন, তার ঘরের সামনে কীভাবে বোমাটি বিস্ফোরিত হলো তা তিনি জানেন না। গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান জানান, হঠাৎ মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বর্তমানে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।