নাটোরের লালপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত ছাত্রদল কর্মীরা হলেন— জাহিদ হোসেন, শফিকুল ইসলাম শফিক ও মামুন আলী। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট এবং যুগ্ম আহ্বায়ক আবু রায়হান স্বাক্ষরিত এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচি চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির অনলাইন প্রতিনিধি সজিবুল হৃদয় এবং দৈনিক মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি রাশিদুল ইসলামকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে অভিযুক্ত তিন কর্মীর বিরুদ্ধে। পরবর্তীতে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা ছাত্রদলের নেতারা উল্লেখ করেন, দলের শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কোনো ধরনের কর্মকাণ্ড ছাত্রদল কোনোভাবেই মেনে নেবে না। একই সঙ্গে ভবিষ্যতে এ জাতীয় যেকোনো ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য দলের সব স্তরের নেতাকর্মীদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জাহিদ হোসেন, শফিকুল ইসলাম শফিক ও মামুন আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১৪: ২৬আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১৪: ৪১