যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ও প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘দ্য রিপাবলিক’-এ স্থান পেয়েছে লন্ডনপ্রবাসী বাংলাদেশি গবেষক, কলামিস্ট ও শিক্ষা প্রশাসক শাহ মনসুর আলী নোমানের ধারণ করা একটি প্রকৃতিনির্ভর আলোকচিত্র। গত ৮ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত পত্রিকাটির মুদ্রণ সংস্করণে ‘টেক ইয়োর বেস্ট শট’ বিভাগে তাঁর এই ছবিটি নির্বাচিত আলোকচিত্র হিসেবে প্রকাশ করা হয়। ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার থেকে এই ছবিটি ধারণ করেছিলেন তিনি।

১৮৭২ সাল থেকে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে দৈনিক ‘দ্য রিপাবলিক’। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক খবরের পাশাপাশি সৃজনশীল আলোকচিত্রের জন্য পত্রিকাটির এই বিশেষ বিভাগটি অত্যন্ত জনপ্রিয়। সেখানে মনসুর নোমানের ছবি প্রকাশ পাওয়াকে তাঁর সৃজনশীল প্রতিভার একটি অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি ও মর্যাদাপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

শাহ মনসুর আলী নোমান ছাত্রজীবন থেকেই লেখালেখি ও আলোকচিত্র চর্চায় যুক্ত রয়েছেন। তাঁর কলাম, প্রতিবেদন ও ছবি ইতিপূর্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দেশের বাইরেও ইংল্যান্ডের ‘বার্নলি এক্সপ্রেস’ (Burnley Express), ‘ল্যাঙ্কাশায়ার টেলিগ্রাফ’ (Lancashire Telegraph) এবং বিবিসি বাংলার জনপ্রিয় ‘প্রবাহ’ অনুষ্ঠানে তাঁর তোলা ছবি প্রদর্শিত হয়েছে।

সৃজনশীল কাজের জন্য তিনি বিভিন্ন সময়ে পুরস্কৃতও হয়েছেন। লেখালেখিতে অবদানের জন্য দৈনিক ভোরের কাগজ ও এই সময় পত্রিকার পক্ষ থেকে তিনি সম্মাননা পেয়েছেন। এছাড়া, যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’ তাঁকে ‘২০২৫ সালের সেরা ফিচার লেখক’ হিসেবে সম্মানিত করে।

বর্তমানে ইংল্যান্ডে বসবাস করলেও মনসুর নোমান নিয়মিত দেশ-বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কলাম, নিবন্ধ, প্রতিবেদন ও আলোকচিত্র পাঠিয়ে চলেছেন। ইংল্যান্ডে পাড়ি জমানোর আগে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

শিক্ষাজীবনেও তিনি অত্যন্ত কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এমজিএস (দ্বিতীয় মাস্টার্স) সম্পন্ন করে ব্যাচে মেধাক্রমে তৃতীয় স্থান অর্জন করেন মনসুর নোমান। এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস এবং এলএলবি ডিগ্রি অর্জন করেছেন।

পেশাগত ও সৃজনশীল কাজের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিট, সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি) সিলেট শাখা এবং ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে অবদান রাখছেন।