দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা নয়শ ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯০২ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৮ জন শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮০৩ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৯ জন শিশু প্রাণ হারিয়েছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭২৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৭০ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৮০০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দেওয়া শিশুর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জন।
হাসপাতালে ভর্তির হার প্রসঙ্গে অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন শিশু সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।