যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে ইউনিটটির উৎপাদন পুনরায় চালু করা হয়। বর্তমানে এই ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে হঠাৎ ১ নম্বর ইউনিটের একটি পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ইউনিটটির উৎপাদন বন্ধ করে দেয়। পরে ত্রুটি মেরামত শেষে শনিবার সকালে আবারও উৎপাদন স্বাভাবিক হয়।

বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানিয়েছে, বর্তমানে কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে ১ ও ৩ নম্বর ইউনিট চালু রয়েছে। এর মধ্যে ৩ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এছাড়া ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে চালু থাকা ১ ও ৩ নম্বর ইউনিটের উৎপাদন দিয়েই কেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে।