কয়েক দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও কর্নেল (অব.) অলি আহমদ। একসময়ে বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি হওয়া বি. চৌধুরী এবং অলি আহমদ উভয়ই পরবর্তী সময়ে অভিমানে দল ত্যাগ করেন। বিএনপির সঙ্গে মতবিরোধের কারণে তারা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গঠনের পরিকল্পনা করেছিলেন। তবে অলি আহমদের ভাষ্যমতে, তাদের সিদ্ধান্তের আগেই বি. চৌধুরী এককভাবে 'বিকল্পধারা বাংলাদেশ' গঠন করেন।

সম্প্রতি সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের 'ঠিকানা' টকশোতে অলি আহমদ জানান, তিনি, বি. চৌধুরী ও শেখ রাজ্জাক মিলে একটি মিটিং করেছিলেন। সেখানে দুর্নীতিবিরোধী অবস্থান এবং দলের ভেতর চাঁদাবাজির মতো বিষয়ে বিএনপির সঙ্গে বনিবনা না হওয়ায় তারা পৃথক দল গঠনের সিদ্ধান্ত নেন। অলি আহমদ বলেন, যখন দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছিল না, তখনই তারা আলাদা হওয়ার পথ বেছে নেন।

অলি আহমদ জানান, বিএনপি নেতাকর্মীদের ধাওয়ার মুখে বি. চৌধুরী রেললাইন ধরে পালিয়ে যাওয়ার পর ব্রিগেডিয়ার গিয়াসের মাধ্যমে তাকে ডেকে পাঠান। সেই সাক্ষাতে বি. চৌধুরীকে আগের পরিকল্পনার কথা মনে করিয়ে দিলে তিনি এলডিপির নাম প্রস্তাব করেন। এরপর মেজর মান্নান ও অধ্যাপক পাটোয়ারীসহ অনেকে এলডিপিতে যোগ দেন। তবে অলি অভিযোগ করেন, শুরুর দিকেই অফিসের ঠিকানা নিয়ে তাদের সঙ্গে শঠতা করা হয়েছিল, যা পরে বি. চৌধুরীর পুড়ে যাওয়া বাসা হিসেবে চিহ্নিত হয়।

দলের সাংগঠনিক দায়িত্ব অলি আহমদের ওপর ছেড়ে দেওয়ার সম্মতি দিলেও পরবর্তীতে মাহি বি. চৌধুরীর প্রভাবে বি. চৌধুরী প্রচারের আলোয় আসার চেষ্টা করেন বলে অলি দাবি করেন। ২০০৮ সালের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার সময় তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ ঘটে। অলি আহমদের অভিযোগ, আওয়ামী লীগের দেওয়া ২৮টি আসনের বাইরে একটি নির্দিষ্ট আসন নিয়ে বি. চৌধুরীর দর-কষাকষি ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠলে তারা তাকে দল থেকে পৃথক হয়ে যেতে অনুরোধ করেন। অলি বলেন, দুর্নীতিগ্রস্ত কারো সঙ্গে রাজনীতি করা সম্ভব নয় বলেই তারা তাকে কুলা মার্কায় বিকল্পধারায় ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

অলি আহমদ সেই প্রসঙ্গ টেনে বলেন, ব্রিগেডিয়ার গিয়াস এসে বললেন, বদরুদ্দোজা মানসিকভাবে বিধ্বস্ত। আপনাকে যেতে বলেছেন। আমি বললাম, রাতে ১২টার পর তার ডিসপেনসারিতে যাব। বাসায় নয়, কারণ তিনি তখন আন্ডার ওয়াচ ছিলেন। রাজ্জাক আলী সাহেবকে সঙ্গে নিয়ে সেখানে গেলাম।