রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে নিজ বাসভবনে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। উদ্ধার করার পর তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি একটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ওসি মাজহারুল ইসলাম আরও জানান, বর্তমানে রিধিকার মা ও পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। পরিবারের দেওয়া প্রাথমিক তথ্যানুযায়ী, একজনের সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হওয়ার একপর্যায়ে রিধি আত্মহত্যা করেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হচ্ছে এবং পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে মামলা নিচ্ছে। পুলিশ রিধিকার সঙ্গে ওই ব্যক্তির সম্পর্কের ধরন এবং মৃত্যুর আগের ঘটনাক্রম খতিয়ে দেখছে।
উল্লেখ্য, রিধিকা রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি লাভ করেছিলেন। পরবর্তীতে তিনি অভিনয়ে নিয়মিত হয়ে বেশ কিছু নাটকে কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ এবং ‘সুন্দরী’ ইত্যাদি।