কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা নিজেকে আগামী পাঁচ বছরের জন্য ওই নির্বাচনি এলাকার ‘প্রধানমন্ত্রী’ হিসেবে ঘোষণা করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে নিজ নির্বাচনি এলাকার মানুষের উদ্দেশে এই মন্তব্য করতে দেখা যায়।

ভিডিওর বক্তব্যে আমির হামজা বলেন, আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য তিনিই প্রধানমন্ত্রী। তার দাবি অনুযায়ী, সরকারি বাজেটগুলো আমির হামজার হাতেই আসবে। এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, এই বাজেট কি কোনো ফেরেশতার হাতে দেওয়া হবে? তবে এই ভিডিওটি ঠিক কবে বা কোন অনুষ্ঠানে ধারণ করা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সংসদ সদস্য আমির হামজার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে কুষ্টিয়া-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদারত্ব ও বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এবং কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে তার টানাপোড়েন চলছে বলে জানা গেছে। এর আগে কুষ্টিয়া মেডিকেল কলেজের উন্নয়ন ও বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়েও আমির হামজা প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন।