প্রাতিষ্ঠানিক পরীক্ষার জন্য দীর্ঘ দেড় মাসের বিরতি কাটিয়ে আবারও শুটিং সেটে ফিরেছেন এ প্রজন্মের অভিনেত্রী মাফতুহা জান্নাত জীম। গত ৯ আগস্ট পরীক্ষা শেষ করার পর ১০ আগস্ট থেকেই তিনি পুরোদমে চেনা ব্যস্ততায় ফিরে এসেছেন।
চলতি আগস্ট মাসের পুরো সময়জুড়েই টানা কাজ করার পরিকল্পনা সাজিয়েছেন জীম। ইতোমধ্যে সেলিম রেজা পরিচালিত ‘লুকোচুরি প্রেম’ নাটকের কাজ শেষ করেছেন তিনি, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সাদ সালমী নাওভী। এরপর আরও একটি নাটকের কাজ শেষ করে বর্তমানে একটি নতুন ওভিসি বা বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
নিজের শুটিংয়ে ফেরা প্রসঙ্গে জীম জানান, পড়াশোনা ও ক্যারিয়ারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে দেড় মাস লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে দূরে ছিলেন। তবে পরীক্ষা শেষ হওয়ার পরপরই নির্মাতাদের তাগিদ ও জমে থাকা চিত্রনাট্যের টানে দ্রুত সেটে ফিরতে হয়েছে, তাই বিশ্রামের সুযোগ পাননি।
জীম বলেন, ‘পরীক্ষা শেষ হতেই বিশ্রাম না নিয়ে ফের কাজ শুরু করেছি। চলতি পুরো মাসজুড়ে টানা শুটিং করব। নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি, আশা করি সফল হব।’
সামাজিক, রোমান্টিক ও পরিবারকেন্দ্রিক গল্পের পাশাপাশি বিভিন্ন নতুন ও চ্যালেঞ্জিং চরিত্রে সামনে দেখা যাবে এই অভিনেত্রীকে। আগস্টের এই প্রজেক্টগুলো খুব শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানা গেছে।