বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে হারিকেন নিয়ে বসার সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের জবাব দিয়ে নিজস্ব ব্যাখ্যা তুলে ধরেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেছেন, কর্মসূচির সময় পেছনে যে ফ্যান ও মাইক চলছিল, তা বিদ্যুৎ সংযোগের মাধ্যমে নয়, বরং জেনারেটরের সাহায্যে চালানো হয়েছে।
গত শনিবার (১৫ আগস্ট) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ তোলেন। সেখানে তিনি বলেন, কিছু রাজনৈতিক দলের নেতা-কর্মী হারিকেন সামনে নিয়ে গ্যাস ও বিদ্যুতের দাবিতে অবস্থান নিয়েছিলেন, অথচ তাদের পেছনে ফ্যান ঘুরছিল। এই ধরনের কর্মসূচিকে তিনি ‘হঠকারিতা’ হিসেবে আখ্যায়িত করেন।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর বিষয়টি স্পষ্ট করার দাবি জানিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ওই কর্মসূচির সময়ে সংশ্লিষ্ট এলাকায় অধিকাংশ সময়ই বিদ্যুৎ ছিল না। ফলে বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর ব্যবহার করে ফ্যান ও মাইক্রোফোন সচল রাখতে হয়েছিল।
এদিকে, দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের বিষয়টি স্বীকার করে নিয়ে দ্রুত পরিস্থিতির উন্নতির আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে গ্যাসের সমস্যা কমে আসবে। বিদ্যুৎ সংকটের কারণে জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সরকার দেশের জ্বালানি সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়ে প্রধানমন্ত্রী আরও জানান, আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনে একটি মহাপরিকল্পনা তুলে ধরা হবে। আগামী ১০ বছরে কীভাবে দেশের জ্বালানি সমস্যা দূর করা হবে, সেই পরিকল্পনা ওই অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে উল্লেখ করেন তিনি।