নীলফামারীর ডিমলা থানার জরাজীর্ণ ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম মো. মসলিম উদ্দিন, যিনি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। ঘটনার সময় ডিউটি অফিসারের কক্ষে তিনজন সেবাগ্রহীতাও উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, দায়িত্ব পালনকালে হঠাৎ কক্ষের ছাদের বড় একটি অংশ ভেঙে এএসআই মসলিম উদ্দিনের কাঁধের ওপর পড়ে। এতে তিনি আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনায় থানার দাপ্তরিক কাজে ব্যবহৃত একটি ডেস্কটপ কম্পিউটারও ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে।

আহত এএসআই মসলিম উদ্দিন জানান, ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করার সময় হঠাৎ ছাদের পলেস্তারা খুলে তার কাঁধে আঘাত করে। দীর্ঘদিন ধরেই ডিমলা থানা ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দোতলা এই ভবনের বিভিন্ন অংশ দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ে এবং ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে রড বেরিয়ে গেছে। ভবনের বিভিন্ন স্থানে স্যাঁতসেঁতে ও ক্ষয়ের চিহ্ন স্পষ্ট। বর্তমানে এই ঝুঁকিপূর্ণ ভবনেই ৬২ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

এ ঘটনার পর থেকে পুরোনো ও ঝুঁকিপূর্ণ এই ভবনে কর্মরত পুলিশ সদস্য এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার কথা ইতিমধ্যে পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে এবং তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।