প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার (১৬ আগস্ট) সকালে তিনি সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সফরের অংশ হিসেবে তিনি কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নে জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু জানিয়েছেন, এবারের মৎস্য পক্ষের প্রতিপাদ্য হলো ‘রুপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় তিনি কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে মৎস্য পক্ষের উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন। সেখানে তিনি জেলা জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন।

বিকাল সোয়া ৩টা থেকে ৪টা পর্যন্ত কিশোরগঞ্জ সার্কিট হাউসে বিরতি শেষে, বিকাল ৪টায় শহরের পুরাতন স্টেডিয়ামে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।