রাঙামাটির মানিকছড়িতে পিকআপ ভ্যান উল্টে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রোববার ভোর ৫টার দিকে রাঙামাটি শহরের প্রবেশমুখ সংলগ্ন মানিকছড়ি সেনা ক্যাম্পের সামনের সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের কৃষ্ণমা ছড়া এলাকার মেঘরানী চাকমা (৪৫), রাঙামাটি শহরের আমানতবাগ এলাকার বাসিন্দা শান্তনা চাকমা (৩৮) এবং বিজয়নগর এলাকার শান্তি রঞ্জন চাকমা (৬৫)।
দুর্ঘটনায় আহতরা হলেন নানিয়ারচরের ঘিলাছড়ির শোভা চাকমা, পিকআপ চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং রাঙামাটি শহরের পিটিআই এলাকার বাসিন্দা সুমন চাকমা (৪৫)। এদের মধ্যে শোভা চাকমার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর জানান, ভোরে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় মোট ছয়জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।