বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘদিন ধরেই অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জীবনের অভিজ্ঞতা ও বাস্তবতার কথা শেয়ার করে আসছেন। শুক্রবার নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ ও আবেগঘন বার্তায় তিনি সম্পর্ক চুকে ফেলা, আত্মসম্মান এবং মানসিক শান্তি বজায় রাখার গুরুত্ব নিয়ে নতুন এক দর্শনের কথা তুলে ধরেন।
প্রভা তার পোস্টে উল্লেখ করেন, সম্পর্ক ছিন্ন করা মানেই মানুষের কাছ থেকে হাল ছেড়ে দেওয়া নয়। বরং এটি অনেক সময় নিজের কাছে সত্য স্বীকার করে নেওয়ার মতো একটি বিষয়। তিনি জানান, যে সম্পর্ক একসময় অর্থবহ ছিল, তা যদি ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়, তবে সেখান থেকে সরে আসাই শ্রেয়। অভিনেত্রীর মতে, ভালোবাসার মূল্য কখনোই নিজের মানসিক শান্তি, পরিচয় কিংবা মানসিক স্বাস্থ্য খোয়ানোর বিনিময়ে হতে পারে না।
যারা কেবল নিজের প্রয়োজনেই পাশে থাকে, তারা কোনো উপকারে না এলেও মানুষকে নিঃশেষ করে দেয় বলে মন্তব্য করেন প্রভা। এছাড়া পরিবারের সদস্য কিংবা প্রিয়জন—যেই হোক না কেন, সীমা লঙ্ঘন করলে বা পাশে থাকার পরও একাকীত্ব অনুভব করালে সেই পরিস্থিতি থেকে সরে আসা জরুরি। তিনি বলেন, পরিবর্তন আসবে—এমন আশায় মানুষ অনেক সময় চেষ্টা চালিয়ে যায়, যতক্ষণ না সে নিজেই সেই প্রক্রিয়ায় হারিয়ে যায়।
জীবন থেকে সবকিছু সরিয়ে নেওয়াকে নির্মমতা নয়, বরং সাহসিকতার পরিচয় হিসেবে দেখছেন এই অভিনেত্রী। তার ভাষায়, মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া এবং নীরব যন্ত্রণার চেয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়া বেশি জরুরি। প্রভা আরও বলেন, কেউ কাউকে জীবন থেকে ছেঁটে ফেলে না, বরং এটি নিজেকে বাঁচানোর একটি সিদ্ধান্ত। যেখানে প্রতিনিয়ত আঘাত পাওয়া যায়, সেখানে নিরাময় সম্ভব নয়। তাই সম্পর্ক বা পরিস্থিতি থেকে সরে আসা মানে কাউকে পরিত্যাগ করা নয়, বরং নিজের আত্মমর্যাদা ফেরত পাওয়ার একটি পথ। মাঝে মাঝে কোনো কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে শক্তিশালী প্রকাশ হতে পারে বলে মনে করেন তিনি।