মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র প্রকাশ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই মানচিত্রে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপারের ১০ দিনের মধ্যপ্রাচ্য সফর নিয়ে দেওয়া বিবৃতির সঙ্গে মানচিত্রটি সংযুক্ত ছিল।

অনলাইনে মানচিত্রটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর থেকেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। একজন এক্স ব্যবহারকারী সরাসরি প্রশ্ন তুলেছেন, পশ্চিম তীর ও গাজাকে ইসরায়েলের অংশ হিসেবে দেখানোর সাহস সেন্টকম কীভাবে পেল এবং এটি ইচ্ছাকৃত কি না। রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিকও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে সেন্টকমের এই উপস্থাপনাকে মধ্যপ্রাচ্যের ভূগোলের ক্ষেত্রে আবারও বড় ধরনের ভুল হিসেবে উল্লেখ করা হয়েছে।

ফিলিস্তিনের রাজনৈতিক মর্যাদা নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৫৭টি রাষ্ট্র ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিশেষ করে পশ্চিম তীরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। ফলে সরকারি কোনো মানচিত্রে এসব অঞ্চলকে ইসরায়েলের অংশ হিসেবে দেখানো অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়।

সমালোচনার মুখে সেন্টকম মানচিত্রটি সংশোধন করেছে বলে মনে করা হচ্ছে। আল-জাজিরার পর্যালোচনায় দেখা যায়, পরবর্তীতে প্রকাশিত বিবৃতিতে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েল থেকে আলাদা করে দেখানো হয়েছে। তবে গাজা উপত্যকাকে তখনো আলাদা ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়নি।