অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়ের গৌরব অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৬ আগস্ট) ডারউইন টেস্টে ৯ উইকেটের জয় নিশ্চিত হওয়ার পরপরই প্রধানমন্ত্রী দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন।
সড়কপথে কিশোরগঞ্জ যাওয়ার সময় বাংলাদেশ দলের এই জয়ের খবর পান প্রধানমন্ত্রী। তাৎক্ষণিকভাবে তিনি ভিডিও কলে টাইগারদের সঙ্গে কথা বলে তাদের অসাধারণ পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন। এ সময় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান তিনি। সেই সঙ্গে সিরিজের পরবর্তী টেস্টের জন্য বাংলাদেশ দলের প্রতি শুভকামনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের নতুন ইতিহাস গড়েছেন টাইগাররা।