চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাঙ্করেজে আবারো দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে প্রবল স্রোতের কারণে এই দুর্ঘটনা ঘটে। বাল্ক ক্যারিয়ার ‘এমভি আনাসসা’ আলফা অ্যাঙ্করেজে প্রবেশের সময় নোঙর করে থাকা ‘এমভি জাহাব জাহান’-এর সামনের অংশে হালকা ধাক্কা দেয়। এমভি আনাসসা জাহাজটি স্ল্যাগ পরিবহন করছিল।

রোববার দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজ দুটিতে পানি প্রবেশ কিংবা পরিবেশ দূষণের মতো কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি হয়নি। সংঘর্ষের পরপরই জাহাজ দুটি নিরাপদে আলাদা হয়ে পুনরায় নোঙর করেছে। বর্তমানে বন্দরের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে গত শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রাম বন্দরে নোঙর করে থাকা একটি বাল্ক ক্যারিয়ারের সঙ্গে ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী ‘এমটি সি স্পাইক’ ট্যাংকারের সংঘর্ষ হয়েছিল। সেই ঘটনায় ট্যাংকারটির ইঞ্জিন রুমে ফাটল ধরে পানি প্রবেশ করে এবং সাময়িক বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়, যদিও কার্গো ট্যাংক অক্ষত থাকায় কোনো তেল পানিতে ছড়িয়ে পড়েনি।