সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় তা ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এবিএম আব্দুস সাত্তার বলেন, গত ১১ বছর ধরে কোনো পে-স্কেল না হওয়ায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী মুদ্রাস্ফীতির চাপে রয়েছেন। জনগণের জন্য বিষয়টি কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান সমন্বয় করা প্রয়োজন।

দেশের বর্তমান অর্থনীতিকে সরকারের প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মুখ্য সচিব জানান, এই সংকট নিরসনে কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং পূর্ববর্তী সরকারের কোনো বিকল্প ব্যবস্থা না রাখায় দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে।

বিদ্যমান সংকট মোকাবিলায় সরকার রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে বহুমুখী সাপ্লাই চেইন তৈরির চেষ্টা করছে বলেও তিনি জানান। এছাড়া মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।