রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি ও ‘ঢাকা দিবস’ উদযাপনের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মাসব্যাপী উৎসব ‘হৃদয়ে ঢাকা ৪১৬’-এর আওতায় ঐতিহাসিক ‘ঢাকা হেরিটেজ রান’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মতিঝিল শাপলা চত্বর থেকে এই দৌড় শুরু হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম সভাপতিত্ব করেন এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রায় ১ হাজারের বেশি নাগরিক এই দৌড়ে অংশ নেন। অংশগ্রহণকারীরা মতিঝিল থেকে শুরু করে কাকরাইল, রমনা, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করে লালবাগ কেল্লা হয়ে সোয়ারিঘাটে গিয়ে দৌড় শেষ করেন। প্রতিটি অংশগ্রহণকারীকে ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ প্রদান করা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, নতুন বাংলাদেশকে গড়ে তোলার পাশাপাশি আমাদের ঐতিহ্যগুলোকে ধরে রাখা অত্যন্ত জরুরি। এই আয়োজনের মাধ্যমে ইতিহাস-ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে আরও জীবন্ত হয়ে উঠবে বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম নগরবাসীকে যত্রতত্র ময়লা না ফেলে শহর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি দায়িত্বশীল নাগরিক হিসেবে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন। একইসঙ্গে তিনি পুরান ঢাকাকে একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন এবং পথচারীদের হাঁটা ও সাইকেল চালানোর জন্য আলাদা লেন তৈরির উদ্যোগের কথা জানান।
উল্লেখ্য, মাসব্যাপী এই উৎসবের অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত নাট্যোৎসব, নৌকা বাইচ, হেরিটেজ ক্রুজ ভ্রমণ, পুরাতন চলচ্চিত্র প্রদর্শনী, বিপণীবিতানে ‘দি গ্রেট ঢাকা সেল’ এবং বিটিভিতে বিশেষ অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালিত হবে। এছাড়া আগামী ২৯ আগস্ট লালবাগ কেল্লায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নে বিশেষ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করবেন। পরবর্তীতে ঘুড়ি উৎসব, কাওয়ালী পরিবেশনা ও বিশেষ পঞ্চায়েতি আড্ডার মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। ডিএসসিসির পক্ষ থেকে সর্বস্তরের বাসিন্দাদের এই উদযাপনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।