রাজধানীর ডেমরার সারুলিয়ায় দুটি হাতবোমা উদ্ধারের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া নব্য জেএমবির জঙ্গি জুয়েল ভূঁইয়া ওরফে ওস্তাদ।

রোববার (১৬ আগস্ট) বিকেলে ডেমরা থানার পশ্চিম বক্সনগর ও পশ্চিম নিঝুমবাগ এলাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় জুয়েলের কাছ থেকে দুটি হাতে তৈরি বোমা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া জুয়েল ভূঁইয়া নব্য জেএমবির আলোচিত বোমার কারিগর নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী। ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী কারাগারে দাঙ্গার পর যে নয়জন জঙ্গি পালিয়েছিলেন, জুয়েল ছিলেন তাদের অন্যতম। অবশ্য পালিয়ে যাওয়ার ছয়দিন পর ২৫ জুলাই তিনি পুনরায় নরসিংদী জেলা পুলিশের হাতে গ্রেফতার হন। পরবর্তীতে ৫ আগস্ট সরকার পতনের পর সেপ্টেম্বর মাসে তিনি জামিনে মুক্তি পান।

সম্প্রতি বিভিন্ন স্থানে বোমা উদ্ধার এবং পুলিশের ওপর হামলার ঘটনার তদন্তের সূত্র ধরে ডেমরার সারুলিয়া এলাকায় অভিযান চালানো হয়। ডিএমপির ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহসিন মাসুদ জানান, বোমারু মামুনের সহযোগী জুয়েল ওই এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও এটিইউ যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে দুটি হাতবোমা উদ্ধারের পাশাপাশি আরও একজনকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতার ও আটক হওয়া ওই দুই যুবককে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।