ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ও ব্যবসা-বাণিজ্য সহজ করতে একবারে পাঁচ বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ দিতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে নাগরিকরা যাতে ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন ও বিভিন্ন ফি পরিশোধ করতে পারেন, সেই উদ্যোগও নেওয়া হচ্ছে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম এসব তথ্য জানান। স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন এবং ট্রেড লাইসেন্স সেবা নিয়ে এই সভার আয়োজন করা হয়। ডিএসসিসি ও ডিসিসিআই যৌথভাবে এ সভার আয়োজন করে।

ট্রেড লাইসেন্স সেবা দ্রুত ও সহজ করতে ইতোমধ্যে ওয়ান স্টপ সার্ভিস চালুর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রশাসক। তবে জাল ট্রেড লাইসেন্স তৈরির কারণে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একটি চক্র জাল লাইসেন্সের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, যার ফলে সিটি করপোরেশন রাজস্ব হারাচ্ছে। তাই সেবাকে সহজ করার পাশাপাশি এই জালিয়াতি বন্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পাঁচ বছরের লাইসেন্স নবায়নের বিষয়ে মো. আব্দুস সালাম বলেন, এটি বাস্তবায়ন করা সম্ভব। আগামী কয়েক দিনের মধ্যেই ব্যবসায়ীদের আনুষ্ঠানিকভাবে এই সুযোগ দেওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

সাইনবোর্ডের কর প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক স্পষ্ট করেন যে, সাইনবোর্ডের কর বাড়ানো হচ্ছে না। তবে প্রকৃত পরিমাপ অনুযায়ী কর নির্ধারণ করা হলে সিটি করপোরেশনের রাজস্ব বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, এটি কোনো জবরদস্তিমূলক বিষয় নয়; বরং পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সব সমস্যার সমাধান করা হবে।