ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে অবস্থিত একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোরের দিকে ঘটা এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক অনুসন্ধানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় হোটেলের অধিকাংশ অতিথিই ঘুমে ছিলেন এবং ভেতরে শিশুরাও ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকে নিজ নিজ কক্ষের ভেতরেই আটকা পড়েন।

হোটেলটির মালিক কল্যাণ পাল জানান, রাতে দায়িত্বরত কর্মীরা আগুন দেখতে পেয়ে দ্রুত অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। দমকল বাহিনী আগুন নেভাতে সক্ষম হলেও ধোঁয়া পাঁচতলা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তিনি আরও জানান, প্রাণ বাঁচাতে আতঙ্কিত অতিথিরা বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু দরজা খুঁজে না পাওয়ায় অনেকে দগ্ধ হয়েছেন।

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৯: ২৮আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৯: ২৮