দেশের বাজারে মেগাপ্যাড-২ নামের নতুন একটি ট্যাবলেট নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। বড় ডিসপ্লে, এআই ফিচার এবং উন্নত মাল্টি-ডিভাইস কানেকটিভিটির সুবিধা নিয়ে তৈরি এই ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী ৮২০০ এমএএইচ ব্যাটারি, পাতলা ধাতব ডিজাইন এবং পিসির মতো একসঙ্গে একাধিক কাজ বা মাল্টিটাস্কিং করার চমৎকার সুবিধা।
ট্যাবলেটটিতে ব্যবহার করা হয়েছে একটি ১১ ইঞ্চির বিশাল ২.৫-কে আই-কেয়ার ডিসপ্লে। এর ৯০ হার্টজ রিফ্রেশ রেট স্ট্রিমিং, বই পড়া, ইন্টারনেট ব্রাউজিং এবং দৈনন্দিন অন্যান্য কাজ করার ক্ষেত্রে দারুণ ভিজ্যুয়াল ও স্মুথ ইন্টারঅ্যাকশন নিশ্চিত করে। দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও চোখের সুরক্ষার জন্য ডিসপ্লেটি ফ্লিকার-ফ্রি এবং লো ব্লু লাইট প্রযুক্তিসম্পন্ন, যা আন্তর্জাতিক সংস্থা টিইউভি রাইনল্যান্ড দ্বারা সার্টিফাইড।
মেগাপ্যাড-২ ট্যাবলেটের প্রসেসর সেকশনে রয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি১০০ প্রসেসর। ডিভাইসটিতে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ১২ জিবি পর্যন্ত র্যাম ব্যবহারের সুবিধা। এর মধ্যে রয়েছে ৬ জিবি ফিজিক্যাল র্যাম, যার সঙ্গে মেমোরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত আরও ৬ জিবি র্যাম যুক্ত করে নেওয়া যায়। ভিডিও কল, ডকুমেন্ট স্ক্যান করা এবং সাধারণ কনটেন্ট তৈরির জন্য ট্যাবলেটটির সামনে ও পেছনে উভয় পাশেই রয়েছে একটি করে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
এছাড়াও দ্রুত ও সহজে বিভিন্ন টেকনো ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপনের জন্য এতে রয়েছে ওয়ানলিপ টেকনো ইকোসিস্টেম কানেকটিভিটি সুবিধা। দেশের বাজারে ভ্যাট প্রযোজ্য সাপেক্ষে এই মেগাপ্যাড-২ ট্যাবলেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬,৯৯৯ টাকা। আগ্রহী ক্রেতারা দেশের সব অনুমোদিত টেকনো আউটলেট ও রিটেইল স্টোর থেকে এটি সংগ্রহ করতে পারবেন।