ইয়েমেনে গত ৪৮ ঘণ্টায় দুই শতাধিক হুথি যোদ্ধা নিহত হয়েছেন। আল আরাবিয়ার একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই প্রাণহানির ঘটনাগুলোর বেশির ভাগই ঘটেছে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে। সেখানে চলমান ভয়াবহ সংঘর্ষ ও ড্রোন হামলায় নিহতদের মধ্যে হুথিদের আল-সামাদ ব্রিগেডের সদস্যরাই সংখ্যায় বেশি বলে জানা গেছে।
ইয়েমেনের স্বাধীন সংবাদমাধ্যম ইয়েমেন ফিউচার বেশ কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে, যুদ্ধের এই বড় ধরনের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে হুথিরা নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে। এরই অংশ হিসেবে তাইজ শহরের পশ্চিমে আল-বারহ ফ্রন্টে নতুন করে সেনা ও যোদ্ধা মোতায়েন করেছে তারা। নতুন পাঠানো এই যোদ্ধাদের মধ্যে হুথিদের বিশেষ বাহিনী, কমান্ডো এবং সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা রয়েছেন।
এদিকে, যুদ্ধের জন্য নতুন জনবল সংগ্রহের লক্ষ্যে হুথিরা তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় বন্দিদের মুক্তি দেওয়ার কৌশল অবলম্বন করেছে। সানার সূত্রগুলো জানিয়েছে, সাদা, হাজ্জাহ ও সানা প্রদেশের বিভিন্ন কারাগার থেকে প্রায় ৮৫০ জন বন্দি ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে অপরাধ ও মাদকসংক্রান্ত মামলায় অভিযুক্ত ব্যক্তিরাও রয়েছেন। এছাড়া দামার প্রদেশের কারাগার থেকে আরও প্রায় এক হাজার ৪০০ বন্দিকে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, মুক্তি পাওয়া ব্যক্তিদের যুদ্ধে যোগ দেওয়ার অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হয়েছে। এর বিনিময়ে তাদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার অথবা আইনি অবস্থান নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া কিছু বন্দিকে আনুষ্ঠানিকভাবে হুথি বাহিনীতে নিয়োগ এবং আর্থিক সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে। এমনকি ঋণ পরিশোধ করতে না পারায় কারাগারে থাকা কয়েকজনের দেনা পরিশোধের বিনিময়েও তাদের যুদ্ধে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।