দুই দিনের সফরে আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকায় আসছে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান… (সিআইআই)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ১৮ সদস্যের এই প্রতিনিধিদলটি সোমবার ও মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও সিআইআই সূত্রে জানা গেছে, ভারতীয় প্রতিনিধিদলের এই সফরকে কেন্দ্র করে একটি অগ্রবর্তী দল ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে। তারা সফরের প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।

সফরকালে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশের নীতি নির্ধারকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। তারা বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন বলে নির্ধারিত রয়েছে।

এ ছাড়া এফবিসিসিআই এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) কর্মকর্তাদের সঙ্গেও ভারতীয় প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।