মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল আবারও নতুন পরিচয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘সার্কেল’ নামে নতুন ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে রবি আজিয়াটা পিএলসি। রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা অনুষ্ঠানে উপস্থিত থেকে এই ঘোষণা দেন।

নতুন এই বিবর্তনের বিষয়ে রবি আজিয়াটার পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহকে পরিণত হবেন। এই পরিবর্তনের ফলে গ্রাহকদের বর্তমান সেবার মান বা সম্পর্কের কোনো পরিবর্তন হবে না। গ্রাহকদের বিদ্যমান ০১৬ সিরিজের নম্বর, সেবা প্যাকেজ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট এবং লেনদেনের তথ্য আগের মতোই বহাল থাকবে। 'আসল সংযোগ, সবসময় সচল'—এই প্রতিপাদ্য নিয়ে সার্কেল তার কার্যক্রম পরিচালনা করবে।

অনুষ্ঠানে রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল তরুণ প্রজন্মের সঙ্গে বেড়ে উঠেছে এবং সার্কেল সেই যাত্রারই পরবর্তী ধাপ। তিনি আরও বলেন, ব্র্যান্ডের নাম বদলালেও মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। সংযোগের ক্ষেত্রে শুধু বেশি মানুষকে যুক্ত করা নয়, বরং সেই সংযোগগুলোকে আরও অর্থবহ করে তোলাই এখন তাদের মূল লক্ষ্য।

নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ মূলত পরিবর্তিত ডিজিটাল বাস্তবতা এবং মানুষের ক্রমবর্ধমান সংযুক্ত জীবনধারাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, এটি এয়ারটেলের তারুণ্যকেন্দ্রিক ঐতিহ্যের সঙ্গে উন্নত ডিজিটাল সক্ষমতা ও ভবিষ্যতমুখী নানা উদ্যোগ যুক্ত করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তিনির্ভর সুবিধার মাধ্যমে গ্রাহকদের আরও আধুনিক ও সাশ্রয়ী সেবা প্রদানের অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ২০০৫ সালের ডিসেম্বরে ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনালের যাত্রা শুরু হয় এবং ২০০৭ সালের ১০ মে তারা ৬১টি জেলায় মুঠোফোন নেটওয়ার্ক সেবা প্রদান শুরু করে। পরবর্তীতে ২০১০ সালের জানুয়ারিতে ওয়ারিদ ১ লাখ মার্কিন ডলারের বিনিময়ে তাদের ৭০ শতাংশ অংশীদারত্ব ভারতের এয়ারটেল কোম্পানির কাছে বিক্রি করে এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেড নাম ধারণ করে। একই বছরের ২০ ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটি এয়ারটেল নামে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল।