মৎস্যচাষে সাফল্য অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জাতীয় মৎস্য পদক-২০২৬ এর স্বর্ণপদক পেয়েছেন নোয়াখালীর আলা উদ্দিন ফিসারিজ। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত মৎস্য সপ্তাহের এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলা উদ্দিনের হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরস্কার হিসেবে তাকে ৫০ হাজার টাকার একটি ব্যাংক চেকও প্রদান করা হয়।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নোয়াখালী সদর উপজেলার বদরপুর এবং সুবর্ণচর উপজেলার চরক্লার্ক এলাকায় আলা উদ্দিন ফিসারিজের কার্যক্রম বিস্তৃত। প্রতিষ্ঠানটি উন্নত মানের কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন ও সরবরাহের পাশাপাশি মাছ চাষ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২১টি পুকুরে ১৭ দশমিক ৬ হেক্টর জলায়তনে উন্নত মানের রেণু ব্যবহার করে প্রায় ১৯৮ লাখ কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন করেছে।
এই মৎস্য খামারটি স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। বর্তমানে এখানে ৩২ জন সার্বক্ষণিক এবং ৬৩ জন খণ্ডকালীন কর্মী কর্মরত রয়েছেন। আধুনিক পদ্ধতির ব্যবহার এবং মানসম্মত পোনা উৎপাদনের মাধ্যমে মৎস্য খাতে অবদানের জন্য প্রতিষ্ঠানটিকে জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
আলা উদ্দিনের রাজনৈতিক পরিচয় নিয়ে ভিন্নমত লক্ষ্য করা গেছে। স্থানীয়ভাবে তিনি অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে পরিচিত এবং অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন বাবলু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে কোনো লিখিত দলিল পাওয়া যায়নি। অন্যদিকে, নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুনুর রশীদ জানিয়েছেন, দাপ্তরিকভাবে আলা উদ্দিনের কোনো রাজনৈতিক পরিচয় তাদের কাছে নেই।