প্রথমবারের মতো কোনো সরকারি নথিতে নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সোমবার (১৭ আগস্ট) প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে এই পে-স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি, পদ্ধতি এবং প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ই-বুকের তথ্য অনুযায়ী, নবম জাতীয় বেতন স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এই পে স্কেলটি দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। সচিব কমিটির সকল সদস্য ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন।
বাজেট বরাদ্দের বিষয়ে ই-বুকে জানানো হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এদিকে, সোমবার অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকার চলতি বছরেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে চায়। তবে এ বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি বলেন, পে-কমিশনের বিভিন্ন দিক বিবেচনা করা হচ্ছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকার শীঘ্রই জানাবে।