বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তাকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি জাতিসংঘের ওই প্রতিবেদনটি এখনো নিজে পড়েননি। তবে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তার মনে হয়েছে, প্রতিবেদনে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা অনুমাননির্ভর। তিনি বলেন, প্রতিবেদনে হয়তো কিছু পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে, তবে বিস্তারিত না দেখে তিনি কোনো মন্তব্য করতে চান না।

জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে অনুমানের ওপর ভিত্তি করে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি স্পষ্ট করেন যে, কোনো প্রতিবেদন বা পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়টি যাচাই করে দেখা প্রয়োজন। আপাতত এমন তথ্যের ভিত্তিতে সরকার কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা দেখছে না।

উল্লেখ্য, সোমবার সচিবালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্টরা প্রতিবেদনের বিভিন্ন সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।