নীলফামারী জেলায় পৃথক দুটি মর্মান্তিক দুর্ঘটনায় দুই শিশুসহ অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) ডোমার ও ডিমলা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ডোমারে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি এবং ডিমলায় সেচ ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে জলঢাকা থেকে ছেড়ে আসা একটি গরুবোঝাই নসিমন ডোমার মহাসড়কের দিকে যাওয়ার সময় পথচারীদের ধাক্কা দেয়। এতে শাহজাহান আলী (৩৪) নামের এক ব্যক্তিসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। নিহত শাহজাহান আলী ডিমলা উপজেলার পাঙ্গা রামডাঙ্গা এলাকার সাইফুল ইসলামের ছেলে।

এদিকে দুপুরে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় সেচ ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। নিহতরা হলো নতুন বাজার এলাকার আজগার আলীর মেয়ে পাখি (১২) এবং একই এলাকার আবুলের মেয়ে সিনহা (৪)। তারা সম্পর্কে খালা-ভাগনি। স্থানীয়রা জানান, দুপুরে ক্যানেলের পাশে খেলার সময় অসাবধানতাবশত সিনহা পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে পাখিও পানিতে নামলে একপর্যায়ে দুজনেই স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

পৃথক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, নসিমনের ধাক্কায় একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যদিকে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে শিশুদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।