নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর মাহমুদুন নবী সম্রাট (৩৯) নামে এক কলেজশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের একটি মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহমুদুন নবী সম্রাট স্থানীয় ওয়েস্ট ব্যাংক কলেজের শিক্ষক ছিলেন এবং তিনি ওই এলাকার মো. মইনুল হক রতনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সম্রাট নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির পাশের মসজিদের পুকুরে তার লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

কোম্পানীগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।