পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে গণআকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন নিশ্চিত করতে এবং নতুন সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (১৭ আগস্ট) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘মুনসুন রিভল্যুশন অডিটোরিয়াম’-এ আয়োজিত ‘গণমাধ্যম, গণআকাঙ্ক্ষা ও জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ইন্টারনেট, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্মার্ট ডিভাইসের ব্যাপক প্রসার সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। গত হাজার বছরে সমাজে যে পরিবর্তন সাধিত হয়েছে, ডিজিটাল রূপান্তরের তীব্রতার কারণে গত ২০-২৫ বছরে তার চেয়েও বেশি পরিবর্তন ঘটেছে। তিনি আরও উল্লেখ করেন, আগে কেবল সরকার নিয়ন্ত্রিত বা নিবন্ধিত মাধ্যমের প্রচারণাকেই গণকণ্ঠ হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু বর্তমানে ডিজিটাল প্রযুক্তির কল্যাণে জনগণের স্বতস্ফূর্ত স্বর ও গণআকাঙ্ক্ষা সরাসরি প্রতিফলিত হচ্ছে।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বিটিভি বা রেডিও’র মতো প্রতিষ্ঠানগুলোর মূল কাঠামো ইন্টারনেট ও স্মার্ট ডিভাইস যুগের পূর্বে গড়ে উঠেছিল বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, পরিবর্তিত ও রূপান্তরিত এই নতুন প্রেক্ষাপটে দর্শক-শ্রোতাদের চাহিদা, ক্লাউড প্রযুক্তি এবং নতুন চ্যালেঞ্জগুলো গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে গণমাধ্যমে জনগণের এই আকাঙ্ক্ষাকে সঠিকভাবে রূপান্তরের জন্য বিশেষজ্ঞদের জ্ঞান, কার্যকর প্রযুক্তি এবং দক্ষতার সুসংহত প্রয়োগ ঘটানো জরুরি।

সেমিনারে উপস্থাপিত আলোচনা ও সুচিন্তিত প্রস্তাবনাগুলো সরকারের নীতি নির্ধারণী রোডম্যাপ তৈরি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন মন্ত্রী। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব (গ্রেড-১) মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএসসি সদস্য ড. সায়মা ফেরদৌস এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। সেমিনারে গণমাধ্যম গবেষক, শিক্ষক, সাংবাদিক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।