জামালপুরের মেলান্দহ উপজেলায় ইয়াবাসহ আটক হওয়া এক কৃষকদল নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা কৃষকদল। বহিষ্কৃত ওই নেতার নাম মো. মতিউর রহমান তারা তালুকদার (৫৬)। তিনি জাতীয়তাবাদী কৃষকদলের ১ নম্বর দুরমুঠ ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। এছাড়া সোমবার দুপুরে মাদক মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গত রোববার দিবাগত রাতে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২) একটি দল মেলান্দহ উপজেলার সিন্দুরা ফসল গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের ছেলে মতিউর রহমান তারা তালুকদারের বাড়ির আঙিনায় অভিযান চালায়। সেখান থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর তাকে আটক করা হয়।
মতিউর রহমান তারা তালুকদারকে দল থেকে বহিষ্কারের বিষয়টি সোমবার সন্ধ্যায় উপজেলা কৃষকদলের সভাপতি মো. মতিউর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক শাহজামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে কৃষকদলের সভাপতির পদসহ উপজেলা শাখা ও দলের সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে মেলান্দহ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহজামাল স্পষ্ট ভাষায় বলেন, ‘সংগঠন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সংগঠনবিরোধী কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
অন্যদিকে, জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর অফিসার ইনচার্জ মো. সজীব রহমান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।