কুর্দিস্তানের প্রধানমন্ত্রী মাসরুর বারজানিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ব্যবহৃত একটি ড্রোন প্রধানমন্ত্রীর দপ্তরে এবং আরেকটি ড্রোন কুর্দিস্তানের গোয়েন্দাপ্রধানের বাড়িতে আছড়ে পড়ে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হননি। কুর্দিস্তানের সন্ত্রাসবিরোধী অধিদপ্তর হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে কুর্দিস্তানকে বেশ কয়েকবার লক্ষ্যবস্তু করেছে ইরান। তেহরানের আশঙ্কা ছিল যে, কুর্দিস্তান থেকে কুর্দি যোদ্ধারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে ইরানে স্থল হামলা চালাতে পারে। ইরান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, কুর্দিরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থ রক্ষা করে কাজ করছে।

সংবাদমাধ্যম আলবাওবার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও তাদের মিত্ররা কুর্দিস্তানে এ পর্যন্ত কয়েক হাজার বার ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলার অন্যতম প্রধান লক্ষ্যস্থল ছিল কুর্দিস্তানের রাজধানী ইরবিল। এর আগে গত ১৭ জুলাই ইরবিলে চালানো একটি হামলায় ৯ জন নিহত হয়েছিলেন।