ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউমার্কেটের পার্শ্ববর্তী মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। মৃতদের পরিচয় এখনো পাওয়া যায়নি, তবে তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ ও দমকল বাহিনী জানায়, বুধবার (১৯ আগস্ট) ভোর ৩টার দিকে তারা আগুন লাগার খবর পায়। হোটেলটির চারতলায় আগুন লাগে এবং প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে হোটেলের একটি অংশ পুড়ে গেছে। ঘটনাস্থলে পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী ও কলকাতা পুলিশের কমিশনার উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এসি থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
স্থানীয়দের ভাষ্যমতে, আগুন লাগার সময় হোটেলের বিভিন্ন কক্ষে অনেকেই ঘুমিয়ে ছিলেন। বাইরে থেকে আগুনের শিখা দেখা না গেলেও প্রচুর কালো ধোঁয়া বের হতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই হোটেলের ভেতর থেকে বহু মানুষ বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, হোটেলের প্রবেশ ও বের হওয়ার পথ খুবই সংকীর্ণ হওয়ায় সেখানে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এখন পর্যন্ত ৬০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, হোটেলে আটকা পড়া অবস্থায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের শরীরে পোড়ার চিহ্ন রয়েছে। তবে চিকিৎসকদের প্রাথমিক ধারণা, শ্বাসরোধ হয়েই তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।