দিনাজপুর শহরের পাশে পুনর্ভবা নদীতে ডুবে লিমন (১৬) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর পৌর শহরের দক্ষিণ পাশে সদর উপজেলার উলিপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার বিকেলে শহরের মাহুতপাড়ায় পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন লিমন।
নিহত লিমন দিনাজপুর শহরের সিপাহী পাড়া এলাকার লিটন ইসলামের ছেলে এবং তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাহাদত হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, বুধবার বিকেলে কয়েকজন শিক্ষার্থী মাহুতপাড়ায় পুনর্ভবা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে লিমন পানিতে নিখোঁজ হয়। দিনাজপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে না পেলে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেওয়া হয়। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে উদ্ধার অভিযানে অংশ নেয়।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার উলিপুর গ্রামের পাশে নদীতে তার মরদেহ ভেসে ওঠে। পরে কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এসআই সাহাদত হোসেন জানান, নিহতের চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটকরা হলো রুহুল আমিন খান (১৬), আতিকুর রহমান (১৬), আবির হোসেন (১৬) ও তাজনিম রহমান (১৭)। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।