আখাউড়ায় ১৯৮ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

জেলা প্রতিনিধি :  মোঃ আশরাফুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের এক বিশেষ অভিযানে ১৯৮ পিস ইয়াবাসহ দুই জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা (পূর্ব পাড়া) এলাকার মো. নুর আলীর ছেলে মো. সুজন মিয়া (৩০) এবং হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী (খাদেমের বাড়ি) এলাকার মৃত ছাইন মোল্লার ছেলে মো. বাচ্চু মিয়া (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফের নির্দেশনায় এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবের দিক-নির্দেশনায় মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলামের সার্বিক নেতৃত্বে এসআই আসাদুর রহমান, এএসআই মোখলেছুর রহমান ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।

অভিযান পরিচালনাকালে শুক্রবার ভোর ৩টা ৩০ মিনিটের দিকে ৩ নম্বর মোগড়া ইউনিয়নের মোগড়া বাজারস্থ ধরখার সিএনজি স্ট্যান্ডের তিন রাস্তার মোড়ে ‘আলামিন স্টোর’ নামক দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সুজন মিয়া ও বাচ্চু মিয়ার কাছ থেকে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত একটি পুরাতন নম্বরবিহীন লাল-কালো রঙের অ্যাপাচে (Apache) মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, উদ্ধারকৃত আলামত ও মোটরসাইকেল জব্দতালিকা মূলে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবারই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।