বিনিয়োগ পরিবেশকে আরও সহজ ও সমন্বিত করার লক্ষ্যে সরকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ)-কে একীভূত করেছে। এই তিন সংস্থার সমন্বয়ে গঠিত হয়েছে নতুন সংবিধিবদ্ধ সংস্থা 'ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ'।

বৃহস্পতিবার (২১ আগস্ট) 'ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬'-এর প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নতুন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, একই সঙ্গে বিডা, বেজা ও পিপিপিএ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের সই করা প্রজ্ঞাপনে জানানো হয় যে, আইনের ধারা ১-এর উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই আইন কার্যকর করা হয়েছে।

বিডা সূত্রে জানা গেছে, গেজেট কার্যকর হওয়ার পর থেকে এই তিন সংস্থার যাবতীয় কার্যক্রম এখন থেকে 'ইনভেস্ট বাংলাদেশ' নামেই পরিচালিত হবে। নতুন কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামো, বিভিন্ন উইং ও টিম গঠনের প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন করা হবে। নতুন এই সংস্থার প্রধান কার্যালয় ঢাকায় থাকবে এবং সরকারের অনুমোদন সাপেক্ষে দেশের বিভিন্ন স্থানে শাখা ও বিদেশে লিয়াজোঁ কার্যালয় স্থাপনের সুযোগ রাখা হয়েছে।

কর্তৃপক্ষ পরিচালনার জন্য একজন চেয়ারম্যান এবং সাতজন সদস্য নিয়ে একটি বোর্ড গঠন করা হবে, যেখানে চেয়ারম্যান একই সঙ্গে কর্তৃপক্ষের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন এই সংস্থার মূল দায়িত্বগুলোর মধ্যে রয়েছে বিনিয়োগের সম্ভাবনা চিহ্নিতকরণ, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রচার চালানো, বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কাজের সমন্বয় সাধন। এছাড়া বিনিয়োগকারীদের সেবা সহজতর করা এবং বিনিয়োগ-সংক্রান্ত কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে এই কর্তৃপক্ষ।

একীভূতকরণের ফলে বিডা, বেজা ও পিপিপিএ-এর বিদ্যমান সম্পদ, নথি, চুক্তি, দায়-দেনা ও অন্যান্য বিষয়াদি 'ইনভেস্ট বাংলাদেশ'-এর কাছে হস্তান্তরিত হবে। পাশাপাশি, এই তিন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও এখন থেকে নতুন কর্তৃপক্ষের অধীনে তাদের দায়িত্ব পালন করবেন।