প্রয়াত ও জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর জীবনী কিংবা তার মৃত্যুর রহস্য নিয়ে নয়, বরং তাকে ঘিরে নব্বইয়ের দশকে সারা দেশে ছড়িয়ে পড়া আবেগ, উন্মাদনা ও ভক্তদের পাগলামির গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন চলচ্চিত্র ‘লাভ ৯৬’। তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত এই সিনেমাটি আগামী ৪ সেপ্টেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

পরিচালক ইভান মল্লিক জানান, আগামী ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকী। প্রিয় নায়কের প্রয়াণ দিবসের ঠিক দুই দিন আগে, ৪ সেপ্টেম্বর শুক্রবার দেশজুড়ে ‘লাভ ৯৬’ মুক্তি দেওয়া হবে। এর আগে গত ১০ মে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো ধরনের কর্তন ছাড়াই অর্থাৎ আনকাট ছাড়পত্র পায় সিনেমাটি। নির্মাতার দাবি, ছবিটির গল্প, নির্মাণশৈলী এবং নব্বইয়ের দশকের আবেগঘন উপস্থাপনা সার্টিফিকেশন বোর্ডের সদস্যদের কাছেও বেশ প্রশংসিত হয়েছে।

ছাড়পত্র ও প্রশংসা পাওয়ার অনুভূতি ব্যক্ত করে ইভান মল্লিক বলেন, ‘সিনেমাটি যেহেতু সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে এবং প্রশংসিত হয়েছে, তাই এখানে বিতর্কিত কিছু নেই। এতে আছে শুধু সালমান শাহ ভক্তদের আবেগ, উন্মাদনা এবং নব্বইয়ের দশকের সেই সময়কে ফিরে দেখার চেষ্টা।’

রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিনের প্রযোজনায় নির্মিত ‘লাভ ৯৬’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। এই চলচ্চিত্রে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সীমান্ত খন্দকার।

নব্বইয়ের দশকের ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে পছন্দের অনুষ্ঠান দেখা, চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখা, প্রিয় তারকার ভিউকার্ড কেনা, ক্যাসেট প্লেয়ারে গান শোনা কিংবা রেডিওতে প্রিয় অনুষ্ঠানের জন্য অধীর অপেক্ষা করার মতো রঙিন নস্টালজিয়াগুলো এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক সেই সময়েই বাংলা চলচ্চিত্রে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল সালমান শাহর। নিজের অভিনয়, স্টাইল, ব্যক্তিত্ব ও রোমান্টিক উপস্থিতি দিয়ে খুব অল্প সময়েই তিনি বদলে দিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের চেনা ধারা। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যুর খবর পুরো দেশকে স্তব্ধ করে দেয়। প্রিয় নায়ককে হারানোর শোক সইতে না পেরে তখন একাধিক ভক্ত আত্মহননের পথও বেছে নিয়েছিলেন। সেই আবেগঘন সময়, সালমান শাহকে ঘিরে তৈরি হওয়া উন্মাদনা এবং এক অন্ধ ভক্তের জীবনকাহিনিকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ‘লাভ ৯৬’ সিনেমার গল্প।