বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (গাকৃবিশিস)। শনিবার গাকৃবিশিসের সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে অবিচল নেতৃত্ব তাকে জাতীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে।

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তিনি সংবিধানের মর্যাদা রক্ষা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং সব নাগরিকের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে নিরপেক্ষ, প্রজ্ঞাপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। এছাড়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জাতীয় সংহতি সমুন্নত রাখার পাশাপাশি রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি গুরুত্বপূর্ণ ও গঠনমূলক ভূমিকা রাখবেন বলে দেশবাসী প্রত্যাশা করে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের পক্ষ থেকে গাকৃবিশিস নেতৃবৃন্দ আরো প্রত্যাশা করেন যে, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার প্রসার, শিক্ষার পরিবেশের উন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন এবং শিক্ষক সমাজের ন্যায্য মর্যাদা ও অধিকার নিশ্চিত করার বিষয়গুলো রাষ্ট্রীয় পর্যায়ে যথাযথ গুরুত্ব পাবে। পরিশেষে সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। তারা আশা করেন, তার বলিষ্ঠ ও প্রজ্ঞাবান নেতৃত্বে দেশে শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি আরো বেগবান হবে।