সিরাজগঞ্জে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলোর প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধার হওয়া ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সার্বিক দিক-নির্দেশনায় জেলা পুলিশের সাইবার ইউনিট এবং বিভিন্ন থানা পুলিশের যৌথ সহযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে এই ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। হারিয়ে যাওয়া শখের ফোনগুলো ফিরে পেয়ে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন মালিকেরা। তারা জেলা পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।