বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। শনিবার (২২ আগস্ট) এক অভিনন্দন বার্তায় মালদ্বীপ সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

প্রেসিডেন্ট মুইজ্জু তার বার্তায় উল্লেখ করেন যে, গত ৩৫ বছরের মধ্যে এই প্রথম একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি মনে করেন, এই নির্বাচন নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি দেশের জনগণের গভীর আস্থার প্রতিফলন।

দুই দেশের সম্পর্কের বিষয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্ক ঐতিহাসিক বন্ধন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দুই দেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মুইজ্জু আরও আশা প্রকাশ করেন যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়াদকালে বাংলাদেশ স্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে তার যাত্রা অব্যাহত রাখবে এবং এই নতুন দায়িত্ব পালনের মাধ্যমে দুই দেশ আরও কাছাকাছি আসবে।