পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও গতি বাড়ানোর জন্য হুমায়ুন কবীরকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের অপর প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক পাবলিক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে বিগত ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজের চাপ অনেক বেড়েছে। এই সময়ে মন্ত্রণালয় তিনটি নতুন উইং চালু করেছে এবং অভিবাসন ও অবৈধ অভিবাসন রোধে কাজ করছে। আগে ছিল না এমন অনেক আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে গঠন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হওয়ায় আগামী এক বছর তিনি অত্যন্ত ব্যস্ত থাকবেন বলে জানান শামা ওবায়েদ। তিনি বলেন, কাজের সুবিধার্থে ও গতি বাড়াতে সরকার যে সিদ্ধান্তই নেবে, সে অনুযায়ী টিমওয়ার্ক হিসেবে তারা (দুই প্রতিমন্ত্রী) কাজ করবেন।

মক্কা প্যাক্ট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যেকোনো বহুপাক্ষিক সংস্থায় যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ ও জনগণের স্বার্থই হবে প্রধান বিবেচ্য বিষয়। কোনো বহুপাক্ষীয় সংস্থায় বা জোটে বাংলাদেশ যুক্ত হবে কি হবে না, তার সিদ্ধান্ত সরকার নিজেই নেবে। এ ধরনের যেকোনো সিদ্ধান্ত হলে বাংলাদেশের গণমাধ্যমই তা আগে জানতে পারবে জানিয়ে তিনি বলেন, বিদেশি কোনো দেশের গণমাধ্যমে কী আসছে, তা দেখে প্রভাবিত হওয়ার সুযোগ নেই।